আরিফ খন্দকারের একগুচ্ছ কবিতা
আমারে ছাইড়া যে যাইতে চায়
আমারে ছাইড়া যে যাইতে চায়
তার জন্য বুকের ওপর আঁকা থাকে পথ
পথের মধ্যে রাখা বুনোফুলের মন,
পথ পেরিয়ে, মন বেয়ে যে যাইতে পারে
তার জন্য ভালোবাসার বদলে থাকে করুণা।
আমারে ছাইড়া যে যাইতে চায়
তার জন্য চোখের মধ্যে আঁকা থাকে নদী
নদীর মধ্যে রাখা জলের পরান,
নদী পেরিয়ে, পরান বেয়ে যে যাইতে পারে
তার জন্য প্রেমের বদলে থাকে ঘৃণা।
আমারে ছাইড়া যে যাইতে চায়
তার জন্য ভেতরের ভেতরে আঁকা থাকে ঘর
ঘরের মধ্যে রাখা গোপন আলিঙ্গন,
ঘর পেরিয়ে, আলিঙ্গন বেয়ে যে যাইতে পারে
তার জন্য আদরের বদলে থাকে অবহেলা।
আমারে ছাইড়া যে যাইতে চায়
তার জন্য আঙুলের ভেতরে আঁকা থাকে স্পর্শ
স্পর্শের মধ্যে রাখা গহীন আঁচড়,
স্পর্শ পেরিয়ে, আঁচড় বেয়ে যে যাইতে পারে
তার জন্য আগলে রাখার বদলে থাকে বিসর্জন।
আমারে ছাইড়া যে যাইতে চায়
তার জন্য ঠোঁটের ভেতরে আঁকা থাকে সংলাপ
সংলাপের মধ্যে রাখা অযাচিত ব্যথা,
সংলাপ পেরিয়ে, ব্যথা বেয়ে যে যাইতে পারে
তার জন্য গুরুত্বের বদলে থাকে গহীন দূরত্ব।
আমারে ছাইড়া যে যাইতে চায়
তার জন্য পাওয়ার ভেতরে আঁকা থাকে ছেড়ে যাওয়া
ছেড়ে যাওয়ার মধ্যে রাখা আর্তনাদ,
ছেড়ে যাওয়া পেরিয়ে, আর্তনাদ বেয়ে যে যাইতে পারে
তার জন্য কথার বদলে থাকে বিষের ফলা।