পাঠকপ্রিয় কথাসাহিত্যিক আরিফ খন্দকারের বইসমূহ:

📖 নাম: অকূলপাথার
📚 ধরণ: থ্রিলার উপন্যাস
📄 পৃষ্ঠা: ৬৭৪
💰 মূল্য: ১৪০০ টাকা
📅 প্রকাশকাল: বইমেলা ২০২৬
🏢 প্রকাশনী: অনিন্দ্য প্রকাশ

ফ্ল্যাপ-

‘পুলিশ যখন দরজায় কড়া নাড়ল, তখনও কেউ জানে না—ভেতরে ভেতরে অনেক আগেই একটা বাড়ি ভেঙে পড়েছে।’

নিখিলকে হাতকড়া পরানো হয়। লাবনী দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তার ঠোঁট কাঁপে কিন্তু কোনো শব্দ বের হয় না। যে কথা বলতে এসেছিল, সেই কথাটাই আর বলা হয় না। কিছু কথা সময়মতো না বললে, পরে আর বলার মতো সময় থাকে না।

অরুণ সাহেব সারা জীবন সংসারটাকে ধরে রাখতে চেয়েছেন। আঞ্জুমান বুকের ভেতর ভয় লুকিয়ে রেখেছেন। সীমা তার অদৃশ্য খুঁতটাকে আড়াল করে বাঁচতে চেয়েছে। মিথিল সব হিসেব কষে চলেছে। আর নিখিল? সে ভেবেছিল ছোট ছোট গোপন রাখলে কোনো ক্ষতি হয় না।
কিন্তু গোপন সত্য কখনও ছোট থাকে না। সেগুলো বড় হতে হতে একসময় পুরো পরিবারটাকেই গ্রাস করে।

‘জেলখানার ভেতর বসে নিখিল ভাবছে— আমরা কি সত্যিই একদিনে ডুবে গেলাম? নাকি অনেক আগেই স্রোতে ভেসে গিয়েছিলাম, শুধু বুঝিনি?’

অকূলপাথার শুধু একটি ঘটনার গল্প নয়। এটা ধীরে ধীরে ভাঙনের গল্প। এমন এক ডুবে যাওয়ার গল্প, যার শব্দ বাইরে শোনা যায় না। ভালোবাসা এখানে আশ্রয়ও, আবার বিপদও। নীরবতা এখানে রক্ষা নয়, বরং ফাঁদ।

📖 নাম: এখানে তাবিজ বিক্রি হয়
📚 ধরণ: থ্রিলার উপন্যাস
📄 পৃষ্ঠা: ৬১২
💰 মূল্য: ১৪০০ টাকা
📅 প্রকাশকাল: বইমেলা ২০২৬
🏢 প্রকাশনী: অনিন্দ্য প্রকাশ

ফ্ল্যাপ-

হাজারীবাগের পুরনো এক ঘুপচি গলি। এই গলির মুখেই ষাটোর্ধ্ব এক জবুথবু তান্ত্রিকের বাস। খালি শরীর, গলায় অসংখ্য তাবিজ আর একটা সাদা লুঙ্গি পরনে। অসংখ্য মানুষের ভিড় থাকে প্রতিদিন তার বাড়িতে। কেউ আসে কৌতূহলবশত, কেউ আসে শরীরের অসুখ তো কেউ আসে মনের অসুখ নিয়ে।

কেউ আসে কাছের মানুষকে কাছে ফিরে পেতে, কেউ আসে আবার অপছন্দের মানুষকে দূরে সরাতে, কেউ আসে মনের মানুষকে বশ করে নিতে, কেউ আসে অসাধ্য কিছুকে নিজের সাধ্যে ফিরিয়ে আনতে। অথচ কেউ কেউ এসে তার কাছ থেকে আর ফিরে যেতে পারে না, কেবল আসতেই থাকে।

এত এত মানুষের কাছে এত এত তাবিজ বিক্রি করার পর তান্ত্রিক চন্দ্রনাথের কাছে যখন আর কোনো তাবিজই থাকে না তখন সে পড়ে যায় মহাবিপদে। হঠাৎ এক অমাবস্যা রাতে তার মনে হয়, নিজের বলে আর কিছুই থাকল না কেবল একটা নিঃসঙ্গতার তাবিজ ছাড়া। কিন্তু এই নিঃসঙ্গতার তাবিজেই থাকে এক গভীর রহস্য।

📖 নাম: বড়ো ভাই
📚 ধরণ: উপন্যাস
📄 পৃষ্ঠা: ৬৫৬
💰 মূল্য: ১২০০ টাকা
📅 প্রকাশকাল: বইমেলা ২০২৬
🏢 প্রকাশনী:
ছায়া প্রকাশন

ফ্ল্যাপ-

কিছু নিখোঁজ কেবল মানুষকে গিলে খায় না। তারা রেখে যায় ভয়। নীরবতা। আর এমন এক অপেক্ষা, যার কোনো শেষ নেই।

রাজনৈতিক অস্থিরতার এক অন্ধকার সময়ে তূর্যের বাবা হঠাৎ উধাও হয়ে যায়। থানার খাতা বলে, সে নেই। রাষ্ট্র বলে, কিছু জানে না। কিন্তু হাজারীবাগের টিনশেড ঘরের ভেতর থেকে কেউ জানে—একজন মানুষ নিখোঁজ হলে তার ছায়া থেকে যায়। আর সেই ছায়াতেই বড় হতে হয় তূর্যকে।

এক রাতেই সে বড়ো ভাই হয়ে ওঠে। সংসারের ভার এসে পড়ে তার কাঁধে। মায়ের মুখে নেমে আসে স্থায়ী নীরবতা। ছোট বোনের জীবনে ঢুকে পড়ে এমন এক সত্য, যেটা সমাজ ক্ষমা করে না। রাজনীতি যেখানে ব্যর্থ হয়, সেখানে দায় চাপানো হয় পরিবারের ওপর।

এই শহরে ভালোবাসা বিলাসিতা। নৈতিকতা পরিস্থিতির সঙ্গে বদলায়। আর প্রতিবাদ মানে নিজের নাম মুছে ফেলা। তূর্য জানে—বাঁচতে হলে চুপ থাকতে হয়। কিন্তু চুপ থাকারও মূল্য আছে। সেই মূল্য দিতে গিয়ে সে হারায় নিজেকে। হারায় ভালোবাসা। হারায় ভবিষ্যৎ।
‘বড়ো ভাই’ কোনো আশা জাগানো গল্প নয়।
এটা ক্ষমতার নিচে পিষ্ট হয়ে যাওয়া মানুষের দলিল।
এটা দেখায়, রাজনীতি কীভাবে ঘরের ভেতরে ঢুকে পড়ে।
কীভাবে একজন মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়, অথচ বেঁচে রাখে।

‘বড়ো ভাই’—
যেখানে রাষ্ট্র প্রশ্নহীন।
আর দায়টা সবসময় পরিবারের।

📖 নাম: রজনীগন্ধা রিসোর্ট
📚 ধরণ: থ্রিলার উপন্যাস
📄 পৃষ্ঠা: ৭০৪
💰 মূল্য: ১২০০ টাকা
📅 প্রকাশকাল: বইমেলা ২০২৫
🏢 প্রকাশনী:
বইবাজার প্রকাশনী

ফ্ল্যাপ-

মানুষ আসলে অনেকটা রূপকথার মতনই, মানুষের জীবনটাও রূপকথার গল্পের মতনই। কিন্তু মানুষ বুঝতে পারে না, মানুষ জানে না রূপকথার মতন সে নিজেও কতটা রহস্যময়। রহস্যময় বলেই মানুষ তার মুখের আড়ালে মুখোশ লুকিয়ে রাখে আর মুখোশের আড়ালে রাখে মুখ। যার দরুন মুখ আর মুখোশের কোন পার্থক্য খুঁজে পাওয়া যায় না, চেনা যায় না, পরিচিত মানুষটাকেও তখন বড্ড বেশি অপরিচিত মনে হয়। যে মানুষটার সাথে মানুষ দিনের পর দিন একই ছাদের নিচে থেকে আসছে, যে মানুষটার সাথে মানুষ তার জীবনের অনেক অনেক কথা বলে আসছে অথচ সেই মানুষটাকে মুহূর্তের মধ্যেই মনে হয় অদেখা, অজানা, অপাঠ্য। মনে হয় সে মানুষটার কিছুই দেখা হয়নি, সেই মানুষটার সম্পর্কে কিছুই জানা হয়নি, মানুষটার ভেতর-বাহির, মন, চোখ কিছুই পড়া হয়নি। অথচ সেই মানুষটা পাশেই আছে বহুকাল ধরে।

📖 নাম: আসমান জমিনের উপাখ্যান
📚 ধরণ: থ্রিলার উপন্যাস
📄 পৃষ্ঠা: ৭২০
💰 মূল্য: ১২০০ টাকা
📅 প্রকাশকাল: বইমেলা ২০২৫
🏢 প্রকাশনী:
মনন প্রকাশ

ফ্ল্যাপ-

এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে রানু, আনিস, এবং তাদের সন্তানরা একটি সংগ্রামী পরিবার, যাদের জীবন সমাজের ক্ষমতাশালীদের খেলা এবং ক্ষমতার লড়াইয়ে ধ্বংস হয়ে যায়। আনিসের ছোট্ট একটি দোকান তার পরিবারকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় ছিল, কিন্তু সেটিও ধ্বংস হয়ে যায়। আর্থিক অনটন আর বেঁচে থাকার লড়াইয়ের মধ্যে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা তাদের ছোট মেয়েটিকে ফেলে দেওয়া হয়, এবং সেখান থেকে গল্প মোড় নেয় এক ভয়ংকর থ্রিলারের দিকে।

📖 নাম: আজমেরী
📚 ধরণ: থ্রিলার উপন্যাস
📄 পৃষ্ঠা: ৫০০
💰 মূল্য: ৯০০ টাকা
📅 প্রকাশকাল: বইমেলা ২০২৫
🏢 প্রকাশনী:
মনন প্রকাশ

ফ্ল্যাপ-

আজমেরীর চারপাশের মানুষগুলো কি আসলেই যেমন তারা দেখায়? নাকি প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার? একদিন, একটি ঘটনা তার জীবনের সবকিছু বদলে দেয় যা সত্য মনে হচ্ছিল, তা কি আদৌ সত্য? নাকি এটি একটি ধোঁয়াশা, যার ভেতরে লুকিয়ে আছে এমন কিছু, যা সে কল্পনাও করতে পারেনি?

📖 নাম: চন্দ্রমল্লিকা
📚 ধরণ: থ্রিলার উপন্যাস
📄 পৃষ্ঠা: ৬৮২
💰 মূল্য: ১০০০ টাকা
📅 প্রকাশকাল: বইমেলা ২০২৫
🏢 প্রকাশনী:
বর্ষাদুপুর প্রকাশনী

ফ্ল্যাপ-

রানু বই হাতে বারান্দায় দাঁড়িয়ে আছে।

আমাকে দেখামাত্রই সে দৌড়ে নিচে নেমে এসেছে। এসে লজ্জায় কুটিকুটি অবস্থা। চোখে চোখ রেখে তাকাতে পারছে না ঠিক। কি আশ্চর্য, রানুকে দেখতে অপূর্ব সুন্দর দেখাচ্ছে। লজ্জা কি মেয়েদের সৌন্দর্য দ্বিগুণ করে তুলে?

আমি অপেক্ষায় আছি রানুর মুখ থেকে কিছু শোনার। তীব্র অপেক্ষা। কিন্তু সে কোনো কথা বললো না। তার হাতে থাকা বইটি সে আমার দিকে বাড়িয়ে দিলো। আমিও কোনো কথা না বলে চুপচাপ নিয়ে নিলাম। বইটি আমার হাতে দিয়েই রানু ভোঁদৌড়।

রানু চলে যাওয়ার পরও আমি সেদিকটায় অনেক্ষণ তাকিয়ে রইলাম রানু ঠিক যেখানটায় দাঁড়িয়ে ছিলো। বাসায় গিয়ে সে আবার বারান্দা থেকে উঁকি মেরে দেখতে থাকলো, আমি আছি কিনা! আমাকে দেখে আড়াল হয়ে গেলো।

প্রায় অনেকক্ষণ পর রানুর দেওয়া বইটির দিকে তাকিয়ে দেখতে পেলাম বইটির নাম, চন্দ্রমল্লিকা। নাম দেখে বুঝার কোনো উপায় নেই এটি প্রেমের উপন্যাস নাকি অন্যকিছুর। কিন্তু প্রচ্ছদে ছবির মতন একটা মেয়ে তাকিয়ে আছে ড্যাবড্যাব করে।

বইয়ের প্রথম পৃষ্ঠা উল্টাতে না উল্টাতেই চোখে পড়লো, রানুর হাতের গুটি গুটি অক্ষরে একটা লেখা, ‘ভালো রাখবেন আপনার প্রিয় মানুষটাকে। সেই মানুষটাকে ভালো রাখলেই আপনি ভালো থাকবেন।’

📖 নাম: বেদনা রঙের বাড়ি
📚 ধরণ: থ্রিলার উপন্যাস
📄 পৃষ্ঠা: ৪৮২
💰 মূল্য: ৯০০ টাকা
📅 প্রকাশকাল: বইমেলা ২০২৫
🏢 প্রকাশনী: অনিন্দ্য প্রকাশ

ফ্ল্যাপ-

লাবনীর মৃত্যুর পর থেকেই বাড়িটা যেন এক বেদনায় আচ্ছন্ন। দেয়ালগুলো কেমন ফাঁকা ফাঁকা লাগে, ইটগুলো যেন একে একে মলিন হয়ে পড়ছে। বাড়ির সামনের চালতা গাছটা দাঁড়িয়ে আছে জরাজীর্ণ হয়ে, যেন কিছু বলতে চায়, কিন্তু পারছে না।

আহমদ লাবনীর স্মৃতিকে আঁকড়ে ধরে আছে, কিন্তু সেই স্মৃতি বাড়িটাকে রঙিন করতে পারছে না। কতো মানুষ এলো, কতো গল্প গড়ে উঠলো, তবু বাড়িটা রয়ে গেলো নিস্তব্ধ, বিধবা।

তবুও একদিন বাড়ির ভেতর বেজে উঠলো বিয়ের সুর। অথচ সেই সুরের মাঝে যেন কোথাও অদ্ভুত এক ভাঙনের সুর মিশে ছিল। আহমদের চোখে ভেসে উঠলো আশ্চর্য এক দৃশ্য-অস্থির, লেলিহান, অথচ কোথাও যেন নিঃশব্দ কান্না।